Spread the love

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইউনুস মিয়া (৪৩)।

শুক্রবার রাতে সৌদি আরবের জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবার শনিবার তাদের মৃত্যুর খবর জানতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরে আলম ও ইউনুস মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন। শুক্রবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় গাড়ির চালকসহ আরও দুইজন আহত হন।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুরে আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তার মামা নুরে আলম ও ইউনুস মিয়া নিহত হন। দুর্ঘটনায় গাড়িচালকের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া এক সৌদি নাগরিকও নিহত হয়েছেন বলে জানান তিনি।

নিহত নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, “আমাদের পরিবারে ৬ জনের ভরণপোষণ চলত আমার স্বামীর উপার্জনে। তাকে হারিয়ে আমরা এখন দিশেহারা। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই।”

জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে দেশে আসার পরিকল্পনা ছিল নুরে আলমের। একইভাবে নিহত ইউনুস মিয়াও তার চার মাস বয়সী সন্তানকে দেখতে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। এজন্য বিমানের টিকিটও কেটে রেখেছিলেন তিনি।

ইউনুস মিয়ার ছোট ভাই ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ বলেন, “আমার বড় ভাই ছিলেন পরিবারের অভিভাবক। তিনি দীর্ঘ ২৮ বছর ধরে সৌদি আরবে কঠোর পরিশ্রম করেছেন। তার মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে।”

কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান বলেন, “সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনার জন্য জেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়