জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে সরকারের প্রতি মানুষের অবশিষ্ট আস্থাও হারিয়ে যাবে।সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন।
রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে এনসিপির পদযাত্রা ও দলে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “মানুষ এখন বলছে— এই সরকারের অনেক গুণ, চার মাসে মেঘনা উপজেলায় চারটি খুন হয়েছে। একটি উপজেলায় এত অল্প সময়ে এত হত্যাকাণ্ড ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন— সেই প্রশ্ন মানুষের মনে উঠছে।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কখনো প্রধানমন্ত্রীর পক্ষে, কখনো অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। কিন্তু নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কোনো কার্যকর চিন্তা দেখা যাচ্ছে না।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতা-কর্মী হাসনাত আবদুল্লাহর হাত ধরে এনসিপিতে যোগদান করেন। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
