বিধির লিখন যেন খণ্ডানোর নয়। কুমিল্লায় চুরির উদ্দেশ্যে একটি বাসায় ঢুকতে গিয়ে জানালার গ্রিলে আটকে পড়েছেন এক যুবক। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হলেও ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ভবনে। অভিযুক্ত যুবকের নাম মো. মারজান হোসেন জিহাদ (২২)। তিনি সদর দক্ষিণ উপজেলার আব্দুল বারেকের ছেলে।
জানা যায়, রোববার (১০ মে) দুপুরে জিহাদ ভবনের নিচতলার বারান্দা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় জানালার গ্রিলের ফাঁক গলে ঢুকতে গিয়ে তিনি মাঝপথে আটকে পড়েন। মাথা ভেতরে প্রবেশ করলেও শরীরের বাকি অংশ গ্রিলের শিকলে আটকে যায়। এতে তিনি দীর্ঘ সময় ঝুলন্ত অবস্থায় অসহায় হয়ে পড়েন।
সম্প্রতি ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আটকে পড়ে উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন জিহাদ। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি ছোট বাচ্চা আছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধঘণ্টা আটকে থাকার পর স্থানীয় লোকজন তাকে টেনে বের করেন। তাদের ধারণা, ঢোকার সময় কোনোভাবে গ্রিলের ফাঁক গলে গেলেও বের হওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে তিনি আটকে যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, রোববার রাতে ফৌজদারি মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় জিহাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, সোমবার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ বিষয়টির বিস্তারিত জানতে পারে।
