গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, অধিদপ্তর কর্তৃক নির্ধারিত রূপরেখা এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে কুমিল্লা জেলা তথ্য অফিসের গত তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে সভা-সেমিনার, উঠান বৈঠক, ভিডিও প্রদর্শনীসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং তথ্যসেবা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলা তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানানো হয়।
এ সময় আরও বলা হয়, গণযোগাযোগ অধিদপ্তরের নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কুমিল্লা জেলা তথ্য অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস, কুমিল্লা।
