প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কুমিল্লা সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে কুমিল্লা ও চাঁদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতাকর্মীরা সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘদিনের দাবি “কুমিল্লা বিভাগ”। বৃহত্তর কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা কুমিল্লার নামেই নতুন বিভাগ ঘোষণার দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দাবিতে চলছে প্রচারণা ও নানা আলোচনা।
জানা গেছে, শনিবার (১৬ মে) চাঁদপুর জেলা সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেবেন। একই দিন বেলা ১১টায় লক্ষ্মীপুর বাজার মাঠে যাত্রাবিরতিরও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সড়কের বিভাজক ও আশপাশের এলাকা।
তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দাউদকান্দি থেকে চাঁদপুর পর্যন্ত বিভিন্ন স্থানে তাঁকে শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে নিমসার বাজার এলাকায় হাজী জসিম উদ্দিন এমপির সমর্থকদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। পাশাপাশি বরুড়া উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরাও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বরুড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত বলেন, “তারেক রহমানের এই আগমন কুমিল্লার জন্য স্মরণীয় হয়ে থাকবে। নিরাপত্তা, চিকিৎসা ও পানি সরবরাহসহ সার্বিক সহযোগিতায় ছাত্রদলের প্রতিটি সদস্য ভলান্টিয়ার হিসেবে কাজ করবে।”
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তারা বরুড়ায় অবস্থান করছেন। পাশাপাশি রাস্তাঘাট সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কুমিল্লা সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক কমিটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।”
