বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়ন করে। আমরা বলেছিলাম খাল খনন করবো—সেই কাজ শুরু হয়েছে। মা-বোনদের হাতে ফ্যামেলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। কৃষক ভাইদের কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে।”
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “গত ১৬-১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। সরকারের বিরুদ্ধে কথা বললেই গুম, মামলা ও নির্যাতনের শিকার হতে হতো। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই দুঃশাসনের অবসান ঘটেছে। আজ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। একই সময়ে পৃথিবীর আরও অনেক দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমাদের দেশের মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কবলে ছিল। জনগণ সেই স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে, ঠিক যেমন ১৯৭১ সালে হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।”
দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “শুধু দেশ স্বাধীন করলেই হবে না, দেশকে গড়ে তুলতে হবে। জনগণের জন্য কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবির প্রসঙ্গে তারেক রহমান বলেন, “কুমিল্লাবাসীর দাবি বিভাগ। যদি এটি জনগণের সার্বজনীন দাবি হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ সেটি বাস্তবায়ন হবে।”
কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবির বিষয়ে তিনি বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো। সবকিছু বিবেচনা করে দ্রুত উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো।”
