কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপি আয়োজিত লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে। জনগণের দাবি হলে তা পূরণ করা হবে।”
তিনি আরও বলেন, “দেশের জনগণকে বিএনপি যে কথা দেয়, তা সর্বশক্তি দিয়ে বাস্তবায়নের চেষ্টা করে। দেশ শুধু স্বাধীন আর স্বৈরাচারমুক্ত করলে হবে না, দেশ পুনর্গঠন করতে হবে। সরকার একা দেশ পুনর্গঠন করতে পারবে না, জনগণের সহায়তা লাগবে।”
কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
