সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল রানা নামের আরেক এএসআই। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের বারাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বারাইকান্দি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আতিকুর রহমানের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়েছে। তারা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
