সকালে ছিল বিয়ের আয়োজন, আর রাতে নেমে এলো চিরবিদায়ের শোক। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের নর্তন গ্রামে বিয়ের আগের রাতে বরের আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নর্তন গ্রামের মৃত মিকির আলীর তৃতীয় ছেলে, কাতার প্রবাসী মো. উস্তার মিয়া (বয়স আনুমানিক ৩৫) দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বিয়ে করার উদ্দেশ্যে প্রায় এক মাস আগে দেশে ফেরেন। পারিবারিকভাবে তার বিয়ের আয়োজন করা হয়। কনের বাড়ি একই ইউনিয়নের পালগ্রামে। সব প্রস্তুতি সম্পন্ন করে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বরযাত্রা নিয়ে কনে আনার কথা ছিল।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সবকিছু মুহূর্তেই ওলটপালট হয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন উস্তার মিয়া। দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিয়ের সাজে নতুন জীবনের পথে যাত্রা শুরুর আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
যে মানুষটির পালকিতে চড়ে বিয়ের ঘরে যাওয়ার কথা ছিল, তিনি ঠিকই পালকিতে চড়লেন—তবে সেটি ছিল চিরবিদায়ের পালকি। আনন্দঘন আয়োজন মুহূর্তেই পরিণত হয় শোকে। গ্রামজুড়ে নেমে আসে নিস্তব্ধতা।
সোমবার সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কনের বাড়ির লোকজন এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। উপস্থিত সবার চোখে ছিল অশ্রু ও অবিশ্বাসের ছাপ।
এ হৃদয়বিদারক ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল—জীবন কতটা অনিশ্চিত। এক মুহূর্ত আগেও যেখানে ছিল স্বপ্ন আর আনন্দের আয়োজন, পরের মুহূর্তেই সেখানে নেমে আসতে পারে চিরবিদায়ের শোক।
