ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন নিশ্চিন্তপুর (নামার বাজার) এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৫ মে) দুপুরে আয়োজিত এ কর্মসূচি গণদাবিতে রূপ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়দের একটাই দাবি—ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধ করে দ্রুত নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বক্তারা জানান, দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের দুই পাশে কুমিল্লা সেনানিবাস এবং আশপাশে অল্প দূরত্বের মধ্যে ১০ থেকে ১২টি স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। এছাড়া রয়েছে ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সড়ক পারাপার করেন। দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি। একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।”
আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার বিথী বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে রাস্তা পার হয়। আমরা আর কোনো দুর্ঘটনা দেখতে চাই না। দ্রুত একটি স্থায়ী সমাধান প্রয়োজন।”
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয়রা জানান, অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনমনে ক্ষোভ বাড়ছে।
কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, নুরুল হক ও কাজী মাসুমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
এলাকাবাসীর দাবি, প্রাণহানির আগে নয়—এখনই নিশ্চিন্তপুরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
