Spread the love

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার (৩ মে) রাত ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে একদল বখাটে তাদের পথরোধ করে স্বামীকে মারধর করে আটকে রাখে এবং জোরপূর্বক স্ত্রীকে তুলে নিয়ে যায়। পরে সারা রাত ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। ভোররাতে ভুক্তভোগী স্বামী তার স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নিরুপায় হয়ে স্বামী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত চারজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়