মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই ইতালি প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী ঘটনায় রূপ নিয়েছে। ইতালির লেইজ (Lecce) শহরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়।
পরবর্তীতে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়ন ফকিরের মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ স্বজনদের দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন।
এ দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। অল্প সময়ের মধ্যেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
