Spread the love

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া এলাকার মো. সোহাগ (৩৭), তার স্ত্রী মোসা. খাদিজা খাতুন (৩৪) এবং তাদের ৮ বছরের ছেলে আরমান। বাকি দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু আরমান মারা যায়।

কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত সোহাগ, তার স্ত্রী খাদিজা ও ছেলে আরমান একই পরিবারের সদস্য। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়