কুমিল্লার দেবিদ্বার উপজেলার সিমারকান্দা এলাকায় বজ্রপাতে মিনহাজ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার সিমারকান্দা এলাকার একটি কৃষিজমি থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ মঙ্গলবার সন্ধ্যায় কৃষিজমিতে ধান রোপণের কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিনহাজের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে মিনহাজ নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এদিকে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া খোলা মাঠ বা কৃষিজমিতে অবস্থান না করার জন্য সচেতন মহল সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
