কুমিল্লার দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম রিফাত (১৩)। সে দাউদকান্দি পৌরসভার উত্তর নছরুদ্দী এলাকার বাসিন্দা। তার বাবা মো. হাসান এবং মা সুমি বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জিংলাতলি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামনগর সংযোগ সেতুর নিচে খালে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করে।
দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান জানান, জিংলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে সেতুর নিচের খাল থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতে কোনো এক সময় অটোরিকশা ছিনতাইয়ের পর কিশোরটিকে হত্যা করে মরদেহ খালে ফেলে রেখে যায়। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
