কুমিল্লার দাউদকান্দিতে বাড়িথেকে ডেকে নিয়ে সাঈদ ভুঁইয়া (২৩) নামে এক যুবককে হাঁস চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মালিগাঁও গ্রাম থেকে মো. জসিম মিয়া (৩৫) ও একই গ্রামের মো. ওমর সানিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাঈদ ভুঁইয়া মালিগাও গ্রামের বাসিন্দা ও পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় সাঈদের বাবা আলাউদ্দিন ভুঁইয়া দাউদকান্দি মডেল থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ।
স্থানীয় বাসিন্দা ও নিহত যুবকের বাবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মালিগাও গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া নামে এক ব্যক্তি সাঈদের বাবার কাছে সাঈদ তার হাঁস চুরি করেছে বলে অভিযোগ করেন। তার বাবা ঐ ব্যক্তিকে জানান, যদি আমার ছেলে হাঁস চুরি করে থাকে বাড়িতে এলে আমি বিচার করে হাঁসের ক্ষতিপূরণ দেব। এতে রাজ্জাক মিয়া উত্তেজিত হয়ে বাড়ি থেকে চলে যান।
পরে রাত ১১টার দিকে রাজ্জাক মিয়া সাঈদের পরিবারের কাউকে না জানিয়ে কৌশলে সাঈদকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সাঈদ রাজ্জাক মিয়ার বাড়িতে গেলে রাজ্জাক, তার ছেলে রাব্বি, জাহিদ ও রাজ্জাকের ভাতিজা শাওনসহ আরও ৪-৫ জন সহযোগীদের নিয়ে সাঈদকে হাঁস চুরির অপবাদ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং পাশের এক মুদির দোকানের সামনে ফেলে রাখে।
খবর পেয়ে সাঈদের বাবা রাত বারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখেন মুদি দোকানের সামনে সাঈদ মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। এ অবস্থা দেখে সাঈদকে প্রথমে মালিগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ মারা যান।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে এবং মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
