কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে উম্মে হুমায়রা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত উম্মে হুমায়রা দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) গ্রামের বাসিন্দা এবং গ্রামীণ ব্যাংকের একজন ম্যানেজার ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দগ্ধ জিয়াউল হকের ভগ্নিপতি মোখলেসুর রহমান।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে দাউদকান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজপাড়া (বলদাখাল) এলাকার পিয়ার হোসেনের মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের মনোয়ারা (৬০), জিয়াউল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং দুই বছর বয়সী শিশু হুররাম দগ্ধ হন।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ শতাংশ দগ্ধ উম্মে হুমায়রা শনিবার ভোরে মারা যান।
অপরদিকে, জিয়াউল হকের শরীরের প্রায় ৫৬ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাকি দুইজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে অবৈধ গ্যাস সংযোগ থাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
