কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে ১ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বোর্ডের অধীন ছয় জেলায় প্রথম দিনের এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ১৬ হাজার ৫৬ জন। অনুপস্থিতির হার দাঁড়িয়েছে ১ দশমিক ২১ শতাংশ।
বোর্ড সূত্রে জানা যায়, জেলা ভিত্তিক অনুপস্থিতির মধ্যে কুমিল্লায় সবচেয়ে বেশি ৫৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৭ জন, চাঁদপুরে ২০৭ জন, ফেনীতে ৯৮ জন, নোয়াখালীতে ২৭৭ জন এবং লক্ষ্মীপুরে ১১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলায় মোট ২৭৭টি কেন্দ্রে ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে।
