Spread the love

কুমিল্লার লালমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. সুমন (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন একই ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা। তিনি মেহেরকুল দৌলতপুর চৌমুহনী এলাকার চা দোকানদার ফরিদ মিয়ার ছোট ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার কিছু আগে সুমন মোটরসাইকেলে করে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দত্তপুর এলাকার একটি অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। এসময় হঠাৎ একটি ট্রেন এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সুমন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ট্রেন আসার আগেই রেললাইন পার হওয়া যাবে—এমন ধারণা থেকে ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, “প্রথমে বিষয়টি আমাদের জানানো হয়নি। পরে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়