কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন ১৩টি গ্রামের দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিশেষ করে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ১৮ মিনিট পর অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১০টা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন ১৩ গ্রামের শত শত বাসিন্দা। মানববন্ধন শেষে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বিমানবন্দর সংলগ্ন এলাকার ভূমির প্রকৃত মালিকানা, খাজনা-কর আদায় এবং ঐতিহ্যগত চলাচলের রাস্তা ব্যবহারের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বিরোধ চলছে। এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি। তারা দ্রুত ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “দাবি আদায়ে আন্দোলনকারীরা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। পরে তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।”
কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেন, “অবরোধের বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
দীর্ঘদিনের এ ভূমি বিরোধের দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করারও হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা।
