Spread the love

সারাদেশের মতো কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর বোর্ডটিতে পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যাগত আধিক্য বিশেষভাবে লক্ষ্যণীয়।

বোর্ড সূত্রে জানা গেছে, এবছর মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ২২ হাজার ৮৬৩ জন।

এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন। সে হিসেবে ছাত্রদের তুলনায় ২৯ হাজার ১২৩ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।

কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর—এই ছয় জেলায় ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ২৭৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৭৪ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ৪১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ১৪ হাজার ১৬১ জন এবং অনিয়মিত ৩২ হাজার ৬৫৬ জন।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় ৫১ হাজার ৫৮৬ জন, চাঁদপুরে ২১ হাজার ৮৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ হাজার ৬৯১ জন, নোয়াখালীতে ২৫ হাজার ২৩৫ জন, ফেনীতে ১৪ হাজার ৮৮৫ জন এবং লক্ষ্মীপুরে ১৩ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন, আর্থিক ও সামাজিক কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। দরিদ্র পরিবারের ছেলেরা অল্প বয়সেই জীবিকার সন্ধানে নেমে পড়ে, আবার অনেক মেয়ে বাল্যবিবাহের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না। এছাড়া কারিগরি শিক্ষায় ঝোঁক, বিদেশমুখী প্রবণতা এবং শিক্ষাক্রম পরিবর্তনের প্রভাবও রয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকায় ঝরে পড়ার হার বেশি। এ সমস্যা মোকাবিলায় দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষা কার্যক্রম চালু করা জরুরি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়