Spread the love

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। যদিও পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে সোয়া এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা।

সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (২১ মার্চ) থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র পাননি।

এ কারণে উদ্বিগ্ন হয়ে তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে রাতেই প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের জন্য নিজস্ব ব্যবস্থায় উদ্যোগ নেন এবং তা দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়