ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষার কেন্দ্রে উত্তরপত্র দেখতে না দেওয়াকে কেন্দ্র করে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রোববার (১৭ মে) দুপুরে উপজেলার বাংলাবাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আহত পরীক্ষার্থীর নাম কাজী আহমেদ আশ্রাফী নাবিল। তিনি হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মোটবী ইউনিয়নের শিলুয়া গ্রামের কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার প্রথম দিন থেকেই রাকিব নাবিলের পেছনের বেঞ্চে বসে জোরপূর্বক তার খাতা দেখার চেষ্টা করত। এতে নাবিল রাজি না হওয়ায় প্রথম দিনই কেন্দ্রের বাইরে তাকে গালাগাল করা হয়।
রোববার শেষ পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বশত্রুতার জেরে রাকিবসহ ৭-৮ জন যুবক নাবিলের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। প্রথমে তাকে মারধর করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহত নাবিলকে উদ্ধার করে প্রথমে বাংলাবাজার এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীর মা নার্গিস আক্তার বলেন, “আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
