Spread the love

পবিত্র রমজান মাসে শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ। পুরো রমজানজুড়ে নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করায় এলাকার ৩৮ জন শিশু-কিশোরকে দেওয়া হয়েছে ঈদ উপহার।

সোমবার বিকেলে আছর নামাজের পর মসজিদের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিশুদের হাতে নতুন পাঞ্জাবি ও বিভিন্ন উপহার তুলে দেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক এম. হাসান। এছাড়া উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি রেহান উদ্দিন বাদল, ক্যাশিয়ার মো. ইউনুছসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

অনুষ্ঠান শেষে ঈদের নতুন পাঞ্জাবি হাতে পেয়ে শিশু-কিশোরদের মুখে ছিল আনন্দের হাসি। তারা উচ্ছ্বাস প্রকাশ করে ভবিষ্যতেও নিয়মিত নামাজ আদায় করার প্রতিশ্রুতি দেয়।

মসজিদ সূত্রে জানা যায়, রমজান মাসের শুরুতেই শিশু-কিশোরদের নিয়মিত জামাতে নামাজ আদায়ের জন্য উৎসাহিত করা হয়। এর অংশ হিসেবে পুরো মাসে যারা নিয়মিত জামাতে অংশ নিয়েছে, তাদের মধ্য থেকে ৩৮ জনকে বাছাই করে দেওয়া হয় বিশেষ ঈদ উপহার। এ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন মসজিদ কমিটি, বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন এবং সৌদি আরব প্রবাসী সফিউল বাসার।

হরিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। ছোটবেলা থেকেই যদি শিশুদের নামাজ ও মসজিদের প্রতি আগ্রহ তৈরি করা যায়, তাহলে তারা ভবিষ্যতে সৎ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠবে। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এম. হাসান বলেন, এমন উদ্যোগ শিশুদের মধ্যে ধর্মীয় চর্চা ও নৈতিক শিক্ষা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তারা মসজিদমুখী হবে এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি আরও সচেতন হয়ে উঠবে। তিনি জানান, গত কয়েক বছর ধরেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *