রমজান মাসের সবচেয়ে পবিত্র ও পূণ্যময় রজনী লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে দেশজুড়ে ইবাদত-বন্দেগিতে মশগুল হয়েছেন মুসলমানরা। এ রাতে সৃষ্টিকর্তার কাছে দু’হাত তুলে পাপমুক্তি, ক্ষমা এবং জীবনের নানা আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইফতার ও তারাবির নামাজের পর মসজিদে মসজিদে শবে কদর উপলক্ষে বিশেষ ইবাদত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অসংখ্য মুসল্লি রাতভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও মোনাজাতে অংশ নেন। অনেকেই নিজ নিজ বাসা-বাড়িতেও রাত জেগে ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন।
এ রাতে অতীতের ভুলত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের সামর্থ্য কামনা করে মোনাজাতে মশগুল হন মুসলমানরা। অনেকেই প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
ইসলাম ধর্মমতে, পবিত্র কোরআন শরীফ লাইলাতুল কদরের রাতেই নাজিল হয়েছে। কোরআন ও হাদিস অনুযায়ী এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই মুসলমানরা এ রাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করেন।
শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। সভায় কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত তুলে ধরে ওয়াজ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমিতেও শবে কদর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন।
লাইলাতুল কদর উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।”
এদিকে শবে কদর ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি অফিস আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিন বন্ধ থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
