Spread the love

ঈদযাত্রায় যানজট ও মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টা থেকে সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের উভয় পাশে ফুটপাত ও সড়ক দখল করে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করা শতাধিক দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টার উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে স্থাপিত বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয় এবং দখলমুক্ত করা হয় সড়ক ও ফুটপাত।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় বলেন, পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরে যানজটপ্রবণ। আসন্ন ঈদকে সামনে রেখে যানজট আরও বাড়ার আশঙ্কা ছিল, যা ঘরমুখো মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হতে পারত। এ কারণে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএর যৌথ উদ্যোগে সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চলাচল কিছুটা স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিযানে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *