Spread the love

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ সত্যিকার অর্থে একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং এখন দেশের মানুষ একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় বলেন—বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে, তাই প্রয়োজন সততা, দক্ষতা ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব।

তিনি বলেন, দেশ পরিচালনা হোক বা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ ও দক্ষ নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লা ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই এর অবস্থান। তাই কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন।

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে মন্ত্রী বলেন, ইউসুফ মোল্লা টিপুর মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন—এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, কুমিল্লায় এমন সৎ, যোগ্য, মেধাবী ও মানবিক মানুষ আরও জন্ম নিক।

করোনাভাইরাস মহামারির সময় টিপুর মানবিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই কঠিন সময়ে অনেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভয় পেয়েছিল। কিন্তু টিপু এবং তার প্রতিষ্ঠিত সংগঠন ‘বিবেক’ মানুষের পাশে দাঁড়িয়েছিল ফেরেশতার মতো। জীবন ঝুঁকি নিয়েও তারা মানুষের সেবা করেছে।

মন্ত্রী আরও বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে অসুস্থ বা মৃত স্বজনদের পাশেও পরিবারের সদস্যরা যেতে পারেননি। কিন্তু টিপু ও তার সংগঠনের সদস্যরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে জানাজা, দাফন-সৎকারসহ বিভিন্ন মানবিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করার মতো মানবিক কাজও করেছেন তারা।

অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *