Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও মাদক ব্যবসার অভিযোগে মো. কামরুল হাসান মনির নামে এক ব্যক্তিকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে দেবিদ্বার থানা পুলিশ। অভিযানের সময় কথিত ডাক্তার কামরুল হাসান মনিরকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় “ভূঁইয়া ড্রাগ হাউজ” নামে একটি ফার্মেসি প্রতিষ্ঠা করেন মনির। অভিযোগ রয়েছে, ওষুধ বিক্রির আড়ালে সেখানে একটি চেম্বার খুলে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন। পাশাপাশি তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, হাসান মনির দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও ভয়ের কারণে অনেকে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পান না।

এ ঘটনায় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দেবিদ্বার থানা পুলিশ জানায়, আটক হাসান মনিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *