Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর এলাকায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষভাবে লুকানো ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

সোমবার (১৬ মার্চ) কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় ডিবি পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাজীব রহমান জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সুলতানপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে গাড়িটি তল্লাশি করে এর গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটি মূলত জ্বালানি তেল দিয়ে চালানো হচ্ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়