Spread the love

জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হেঁটে কাজে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক লিমন হোসেন (২০) ওই এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি পার্শ্ববর্তী একটি মুরগির খামারে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন প্রতিদিনের মতো কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি রেললাইন থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

আক্কেলপুর রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, কানুপুর হালির মোড় এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *