কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, ঈদকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে নগরীর যানজট নিরসনে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
রোববার (৮ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, শহরের যানজট নিরসনে অবিলম্বে সড়কের উপর বসা বাজার সরিয়ে নিতে হবে। গুরুত্বপূর্ণ বাজার স্থানান্তর অবৈধ বাজার বন্ধ করে দিতে হবে। ঈদকে সামনে রেখে শহরের নিরাপত্তা, যানজট নিরসন করা অত্যন্ত জরুরি। নগরীতে ও জেলায় অসংখ্য অবৈধ যানবাহন চলছে। অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, গোমতীর মাটিকাটা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে তদারকি করতে হবে।
সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, রমজানে ঈদকে সামনে রেখে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হচ্ছে।
তিনি আরও বলেন, তেল লিমিটেড হয়ে যাচ্ছে। বলা হয়েছে তেল খরচে অপচয় রোধ করতে হবে। তেল চুরি হয়ে বাইরে চলে যাচ্ছে কিনা- সে বিষয়ে সজাগ থাকতে হবে। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক না হলে তেলের সংকট কমবে না। কোনো প্রকার জ্বালানি তেল মজুত করা যাবে না।
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভার কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট জাফর সাদিক চৌধুরী। কার্যপত্রে জানানো হয়- কুমিল্লায় ফেব্রুয়ারি মাসে ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, অপহরণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে হ্রাস পেয়েছে খুন, ধর্ষণ, চুরি, অপমৃত্যু। স্থিতি রয়েছে চাঁদাবাজি, কিশোর গ্যাং অপরাধ।
সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
