তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) কুমিল্লা নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া এনায়েত উল্লাহ (পিতা– এবাদ উল্লাহ) কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা। তিনি সদর দক্ষিণ মডেল থানার অধিভুক্ত এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার কাকরাইল এলাকার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নম্বর ৮ (সি)-তে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা তিনটি সিআর মামলায় সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় আদালত তাকে মোট দুই বছর দুই মাসের কারাদণ্ড এবং ২৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সাজা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
