Spread the love

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহসাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯), নাহিন (২০) এবং ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রদল নেতা রিয়াদ অভিযোগ করে বলেন, বৈঠকের নামে ডেকে তাদের ওপর হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ছাত্রদলের কিছু সদস্য মাদক ও অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত। এসব কাজে জড়াতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী বলেন, পাইন্দং এলাকায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে বিরোধ রয়েছে। তবে বৈঠকে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনউদ্দিন চৌধুরী বলেন, অবৈধ কর্মকাণ্ড নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করার কোনো সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *