চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোডের কালাম কলোনী এলাকায় চ্যানেল এইচডি’র (Channel HD) প্রতিনিধি মনি আক্তারের ওপর সন্ত্রাসী হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর থেকে তিনি নিজ বাসভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা হঠাৎ করে মনি আক্তারের ওপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা তাকে নিজ বাসায় অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে। একজন নারী সাংবাদিকের ওপর এ ধরনের হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কিংবা ব্যক্তিগত জীবনে কোনো সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
তাদের দাবি—অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।সাংবাদিক মনি আক্তারের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত উদ্ধার করতে হবে।জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার সাহস না পায়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে।
সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
