ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি থানার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং কক্সবাজারের পুলিশ সুপারের (এসপি) কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি চকরিয়া থানার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় ওসি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
নোটিশে উল্লেখ করা হয়, ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয়, ছবি কিংবা এমন কোনো তথ্য প্রকাশ করা, যা দিয়ে তার পরিচয় শনাক্ত করা সম্ভব, তা আইন, মানবাধিকার এবং ভিকটিম সুরক্ষার নীতিমালার পরিপন্থি। এ বিষয়ে হাইকোর্টও স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, ধর্ষণ ও যৌন নিপীড়নের ভুক্তভোগীদের পরিচয় ও ছবি প্রকাশ থেকে বিরত থাকতে হবে।
আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন, অভিযোগ সত্য হলে এটি হাইকোর্টের নির্দেশনার লঙ্ঘন এবং ভিকটিমের মৌলিক অধিকার পরিপন্থি একটি দায়িত্বহীন কর্মকাণ্ড। এর ফলে ভুক্তভোগীর মানসিক, সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
নোটিশে পাঁচটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো— ঘটনার বিষয়ে অবিলম্বে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, ভিকটিমের ছবি ও পরিচয় শনাক্ত করা যায় এমন সব তথ্য অপসারণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় নির্দেশনা জারি এবং ৪৮ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ লিখিতভাবে জানানো।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করা হবে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্প্রতি এক ব্যক্তিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় চকরিয়া থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়। ওই ঘটনার পর ওসির বিরুদ্ধে ওঠা সমালোচনা থেকে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
