Spread the love

লেবানন সীমান্তে সামরিক অভিযান চলাকালে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ছেলে সহ ৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, হিজবুল্লাহর ছোড়া একটি রকেট সীমান্তের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই ঘাঁটিতে অবস্থানরত সেনা সদস্যরা বিস্ফোরণে আহত হন। আহত ৮ জনই ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের সদস্য। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামরিক সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রায়ই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

উল্লেখ্য, ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজার খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছিলেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *