ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বব্যাপী বাণিজ্যিক তেলের মজুত দ্রুত কমে আসছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল সতর্ক করে জানিয়েছেন, বর্তমান মজুত দিয়ে বিশ্ববাজারে বড়জোর আর কয়েক সপ্তাহ চলা সম্ভব।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জি-৭ দেশগুলোর অর্থপ্রধানদের বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ফাতিহ বিরল বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের কৌশলগত তেল রিজার্ভ থেকে প্রতিদিন প্রায় ২৫ লাখ ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন,
“এই জরুরি রিজার্ভ চিরস্থায়ী নয়, এরও একটি সীমা আছে।”
তিনি আরও জানান, উত্তর গোলার্ধে এখন বসন্তকালীন ফসল রোপণ ও গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শুরু হওয়ায় ডিজেল, সার, জেট ফুয়েল ও পেট্রোলের চাহিদা দ্রুত বাড়বে। এতে বিদ্যমান তেলের মজুত আরও দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাণিজ্যিক তেলের মজুত কতদিন টিকতে পারে—এমন প্রশ্নের জবাবে আইইএ প্রধান বলেন,
“বর্তমান মজুত দিয়ে বড়জোর কয়েক সপ্তাহ চলা যেতে পারে। বাস্তবতা হলো, মজুত অত্যন্ত দ্রুতগতিতে কমে যাচ্ছে। এখনই এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।”
সূত্র: আলজাজিরা
