কুমিল্লার সংবাদ

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সালাউদ্দিন মোড়স্থ হোটেল জলতরঙ্গের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন মন্টির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সভায় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী জেলা কমিটির সভাপতি ওমর ফারুকী তাপস, সহ-সভাপতি কাজী খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন মুন্সি, অর্থ সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার এনি, নির্বাহী সদস্য রিয়াজ মোশেদ মাসুদ, নুরুল ইসলাম শাহিন, সাংবাদিক মোস্তাফিজ রহমানসহ জেলা কমিটির অন্যান্য সদস্য।

সভায় জেলা কমিটির সভাপতি পদে পরিবর্তনের বিষয়ে আলোচনা শেষে সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলমকে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।

এছাড়া জেলা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাংবাদিকদের নীতি, নৈতিকতা ও পেশাগত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

সভায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা কমিটি গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এরই অংশ হিসেবে লালমাই উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে আগামী সোমবার সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জেলা কমিটির গুরুত্বপূর্ণ সভাগুলোতে অনুপস্থিত সদস্যদের সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, “ষড়যন্ত্র করে কেউ খুব বেশি দূরে যেতে পারবে না। যোগ্য ব্যক্তিরা কখনো কারও সমালোচনা করে না, বরং নিজেদের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে এগিয়ে যায়।”

তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে জেলা কমিটি যেকোনো পরিস্থিতিতে নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে। এ বিষয়ে কারও সঙ্গে কোনো আপস করা হবে না বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে কুমিল্লা জেলা কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন ওমর ফারুকী তাপস। তিনি জেলা কমিটির সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।
-প্রেস বিজ্ঞপ্তি