Spread the love

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে মানিক মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই রাজিব মিয়ার বিরুদ্ধে। ঘটনার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত রাজিব মিয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির টিউবওয়েল ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা হলেও বিরোধের অবসান হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুরে টিউবওয়েল ব্যবহারকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় রাজিব মিয়া বড় ভাই মানিক মিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং কোদাল দিয়ে গলায় একাধিক আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিক মিয়াকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে গিয়ে মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী ফাতেমা আক্তার ও সন্তানরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজিব মিয়াকে তার এলাকার একটি বিল থেকে আটক করা হয়।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়