পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদর দপ্তরে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে অব্যাহতির চিঠি পাঠিয়েছি।”
জানা গেছে, আগামী ২১ নভেম্বর ডিএমপি কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করেছেন।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অব্যাহতির আবেদন গ্রহণ করা হলে পরবর্তী কমিশনার নিয়োগ নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
