অপরাধ তালাশ

ফসলি জমিতে পুঁতে রাখা নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কুমিল্লার বরুড়া উপজেলায় ফসলি জমি থেকে পা বাঁধা ও কাদা-মাখা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মুখমণ্ডল মারাত্মকভাবে বিকৃত থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের উত্তর উড্ডা গ্রামের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উত্তর উড্ডা এলাকার একটি মাঠে কাদার মধ্যে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বরুড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর দুই পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। তাঁর মাথা কাদা-মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। মুখমণ্ডল কাদায় ঢাকা ও বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা স্পষ্ট হবে।”

এদিকে, পা বাঁধা ও মাথা কাদার নিচে চাপা দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তর উড্ডা গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।