জাতীয়

ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা,নিহত ২ সেনাসদস্য

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের অনুশীলন চলাকালে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্যের মৃত্যু হয় এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।