Spread the love

সাভারের আশুলিয়ায় প্রেমঘটিত বিরোধের জেরে সালাম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের পরিবারের বিরুদ্ধে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার কুমকুমারি বাজারের পূর্ব পাশে আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যার অভিযোগে মেয়ের দুই ভাইকে আটক করেছে।

নিহত সালাম মিয়া নেত্রকোনা জেলার সদর থানার খারবাংলা গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে। আহতরা হলেন তার ছেলে জুনায়েদ মিয়া (১৯), জীবন মিয়া (১৮) এবং জীবনের প্রেমিকা জান্নাতুল (১৫)। জান্নাতুল নেত্রকোনা জেলার পূর্বধলা থানার খলিশাপুর বন্দেরপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তিরা হলেন জান্নাতুলের ভাই মাসুদ রানা (২২) ও সাগর মিয়া (১৮)।

পুলিশ জানায়, জীবন মিয়া ও জান্নাতুলের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার বিকেলে বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে জান্নাতুলের বাবা সাইফুল ইসলাম ও তার ছেলেরা জীবন মিয়া, তার বাবা সালাম মিয়া এবং ভাইদের ওপর বাঁশ ও কাঠ দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

এতে সালাম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত জুনায়েদ ও জীবনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুনায়েদের মাথায় গুরুতর আঘাত লেগে ৮টি সেলাই দিতে হয়েছে বলে পরিবার জানিয়েছে।

নিহতের মেয়ে সালমা আক্তার অভিযোগ করে বলেন, “আমার ভাই জীবনের সঙ্গে জান্নাতুলের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে ঝগড়ার একপর্যায়ে জান্নাতুলের বাবা ও ভাইয়েরা আমার বাবা ও ভাইদের ওপর হামলা চালায়। আমার বাবা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *