‘নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’ বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আশায় দিনভর নির্বাচনী এলাকায় শোডাউন ও গণসংযোগ করেছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। সন্ধ্যার পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়ে নিজের নির্বাচনী অবস্থান নিয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তবে নির্বাচনী মাঠে সরব থাকার কয়েক ঘণ্টার মধ্যেই আকস্মিক অসুস্থতায় মারা গেছেন এই বিএনপি নেতা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেঝ ছেলে সাঈদ।
সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে তিনি উপজেলার শুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোমবার দিনভর শুহিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোডাউন ও গণসংযোগ করেন খোকন। কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় শালিখা বাজারে একটি পথসভায় বক্তব্য দেন তিনি। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করবেন। এ সময় নিজের নির্বাচনী অবস্থান নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’
কর্মসূচি শেষে রাতে বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমাতে যান খোকন। রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে দাউদকান্দির গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
তার আকস্মিক মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ চান্দিনার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা দিয়েছে গভীর শোক ও বেদনা।
শুহিলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ বলেন, ‘তার খুব ইচ্ছে ছিল এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার। আমাদের সঙ্গে নিয়ে সোমবার পুরো ইউনিয়নে শোডাউন ও গণসংযোগ করেছেন। রাত দেড়টার দিকে খবর আসে তিনি আর নেই। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।’
চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের বলেন, **‘সাইফুল ইসলাম খোকন উপজেলা বিএনপির একজন পরীক্ষিত নেতা ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমপি আতিকুল আলম শাওন শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে খোকন ভাইকে মনোনয়ন দেবেন—এমন প্রত্যাশা ছিল তার। সেই ভরসা থেকেই তিনি নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন। সোমবারও নেতাকর্মীদের আশ্বস্ত করে গর্বের সঙ্গে বলেছিলেন, “আমি বেঁচে থাকতে কেউ নির্বাচন থেকে সরাতে পারবেন না।” এমন কথা বলার পরপরই তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।’
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, ‘সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকেই বিএনপির রাজনীতি করেছেন। তার মৃত্যুতে শুহিলপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপিতে একটি শূন্যতা সৃষ্টি হবে।’
