Spread the love

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা পরিহার করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সারা দেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আমি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানাই। রমজান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধির প্রকৃত অর্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়।”

তিনি বলেন, রমজানকে ঘিরে অনেকের মধ্যে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষ্য করা যায়। “আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকবেন।”

সরকারপ্রধান আরও বলেন, “হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার-অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।”

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ ও স্পষ্ট। ক্ষুদ্র, মাঝারি কিংবা বড়—সব ধরনের ব্যবসায়ীর স্বার্থ যেমন রক্ষা করা হবে, তেমনি ক্রেতা সাধারণের স্বার্থও নিশ্চিত করা হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ ও অভিযোগ শুনতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “ক্রেতা-বিক্রেতা ও গ্রহীতা—এই সরকার সবারই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে আমাদের দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি।”

রমজানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, ইফতার, তারাবিহ ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় অপচয় রোধ ও কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অফিস-আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি ব্যবহার না করাও ইবাদতের অংশ বলে আমি মনে করি।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *