কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা জিংলাতলীতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন অটোরিকশারচালক ফারুক (৪২) ও বাসযাত্রী মিজানুর রহমান।
আহত সাতজনের নামপরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইকুনো পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি মহাসড়কের জিংলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জননী মৎস্য প্রকল্পের পানিতে পড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার চালক ফারুক আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বাসের যাত্রী মিজানুর রহমানও ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো সাতজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. ইকবাল বাহার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহত দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
