Spread the love

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া দাবি করেছেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।

কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
মোস্তাক মিয়া বলেন, যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডের মধ্যেই সমন্বয়ের অভাব ছিল। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ ও কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আবদুল্লাহর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রশিদ ইয়াসিন। এছাড়া বক্তব্য দেন ইউসুফ মোল্লা টিপু, রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির নেতারা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়