Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার আলোচিত তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম ওরফে বাবু এবং তার ছেলে দিদারুল আলম নাফিজ (১৫)। মঙ্গলবার (২ জুন) চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ অক্টোবর সাইফুল ইসলামের মেয়ে নেহা প্রেমের সম্পর্কের কারণে উজ্জ্বল নামের এক যুবকের সঙ্গে চলে যায়। এ ঘটনায় তুহিনকে সন্দেহ করে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। অভিযোগ রয়েছে, সেখানে তার হাত-পা বেঁধে স্টিলের পাইপ ও রড দিয়ে বুকে, পিঠে ও পায়ে নির্মমভাবে মারধর করা হয়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ২৭ অক্টোবর তার মৃত্যু হয়।পরবর্তীতে কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে এবং গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত চলাকালে আরও দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তবে প্রধান আসামিরা দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।

পরে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির একটি দল অভিযান চালিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, “বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্যে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

তিনি আরও বলেন, চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়