বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর থেকেই দেশে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, দেড় বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপির নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এতে স্পষ্ট বোঝা যায়, আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আঁতাতের মাধ্যমে তারা জয় লাভ করেছে।
তিনি আরও দাবি করেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে জয়লাভের চেষ্টা করেছে। দেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, যারা প্রকাশ্যে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তিনি জুলাই সনদের বাস্তবায়ন নিয়েও শঙ্কা প্রকাশ করেন। তার অভিযোগ, টু-থার্ড মেজরিটি পাইয়ে দেওয়ার মাধ্যমে সংবিধানের যথেচ্ছ পরিবর্তনের একটি চিন্তা-ষড়যন্ত্র চলছে। আগামী পাঁচ বছরে এর প্রতিফলন দেখা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া বেশ কয়েকটি আসনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এনসিপিকে হারানো হয়েছে বলেও অভিযোগ করেন দলটির এই নেতা।সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
