ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ‘কারচুপি’ করে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কয়েকজন প্রার্থীকে পরাজিত করা হয়েছে—এমন অভিযোগ তুলে এর প্রতিকার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিজয়ী দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এনে অবিলম্বে এসব ঘটনা বন্ধের দাবি জানান তিনি।
ভোটের পরদিন শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, “নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পরিকল্পিতভাবে কারচুপি করে আমাদের জোটের কয়েকজন প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চাই।”
জামায়াত আমির অভিযোগ করেন, ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিজয়ী দলের লোকজন তাদের জোটের কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তিনি অবিলম্বে এসব সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
কারচুপির অভিযোগের প্রতিকার না পেলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে শফিকুর রহমান বলেন, “আমাদেরকে যদি বাধ্য করা হয়, তাহলে আমরা রাজপথেও নামব।”
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বক্তব্য রাখেন। তবে তারা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।
এ বিষয়ে নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
